বাংলার ভোর প্রতিবেদক
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বরে ‘প্রাচ্য সংঘ যশোর’-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মুসলিম বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও গবেষক বেনজির খান বলেন, ইতিহাস সাক্ষী, আমেরিকা দশকের পর দশক ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা আজ মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে আবির্ভুত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের একতরফা হামলা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এক প্রকার বেইমানি। তারা চায় মধ্যপ্রাচ্যকে সর্বদা অশান্ত রেখে নিজেদের অস্ত্রের বাজার গরম রাখতে।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন প্রাচ্য সংঘের সুপ্রিম কাউন্সিলর সদস্য আকতার ইকবাল টিয়া, সাবেক সভাপতি মাহমুদুল করিম মামুন এবং সিনিয়র সদস্য মোস্তফা মাহবুবুল হক।
খবির উদ্দীন সুইটের সভাপতিত্বে সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, শিক্ষক মফিজুর রহমান, ইসলামী গবেষক সৈয়দ মইনুল ইসলাম জিসলু, জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দীন অমিত, কবি মামুন আজাদ ও যুবশক্তি যশোরের আহবায়ক ইমদাদ হোসাইন।
সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেন যে, আমেরিকা ও তার মিত্ররা পরিকল্পিতভাবে মুসলিম বিশ্বের দক্ষ ও প্রভাবশালী নেতাদের টার্গেট করে হত্যা করছে। বক্তাদের মতে, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন যে উসকানিমূলক আচরণ করছে, তা বিশ্বকে একটি নতুন মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
তারা বলেন, আমেরিকা মুসলিম দেশগুলোকে ধ্বংস করতে চায় এবং দেশে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে রাখা তাদের দীর্ঘদিনের কৌশল। বক্তারা এই সংকটকালে মুসলিম দেশগুলোর রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করে বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার।
