বাংলার ভোর প্রতিবেদক
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, যশোর জেলা। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক ও সিপিবি যশোর জেলার সাধারণ সম্পাদক আবু হাসান।

বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় কমিটির নেতা অধ্যাপক ইসরারুল হক, বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমান এবং সিপিবি যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিরু প্রমুখ।

বক্তারা বলেন, আলোচনা চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তারা অভিযোগ করেন, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইরানের ওপর হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তারা ফিলিস্তিন ও গাজায় দীর্ঘদিন ধরে চলমান হামলা ও নির্যাতনের কথাও তুলে ধরেন।

সমাবেশে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের আগ্রাসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বিশ্ববাসীকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় নেতৃবৃন্দ ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের নীরবতারও সমালোচনা করেন এবং দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার আহ্বান জানান। তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর ও সম্ভাব্য চুক্তির বিরুদ্ধেও প্রতিবাদ জানান।

Share.
Exit mobile version