কপিলমুনি সংবাদদাতা
পাইকগাছা উপজেলার কপিলমুনি ডরপ এক্সেস প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কাজের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বাস্তবায়ন করে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর (ডরপ) এবং সহযোগিতায় ছিল চ্যারিটি ওয়াটার ও হেলভেটাস বাংলাদেশ।
ইউনিয়ন পরিষদের সিনিয়র ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, বদরুল আলম, আলাউদ্দিন গাজী, ছখিনা বিবি, রিজিয়া, ইউপি সহকারী সচিব লিমন রায়, অবসরপ্রাপ্ত সচিব নারায়ণ চন্দ্র দাস, বাজেট মনিটরিং ক্লাবের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, আফরোজা স্বাস্থ্য গ্রাম দলের ডিপটি স্পীকার সুফিয়া ও মা সংসদ, স্বাস্থ্যগ্রাম দল, ওয়াশ স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডরপ’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাসেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে সুপেয় পানি সরবরাহ (পিএসএফ) ও স্যানিটেশন কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, সমাধানের উপায় নির্ধারণ এবং রক্ষণাবেক্ষণ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
