কালীগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার মিরপুর পল্লবী থানার আলুব্দী ঢালু থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শীর্ষ ডাকাত বাহার আলী সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরকাটি গ্রামের আব্দুল জব্বারের পুত্র ও গ্রেফতারকৃত অপর শীর্ষ ডাকাত ইয়ার আলীর ভাই।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, নাশকতাসহ প্রায় ২ ডজনের মত মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে র‌্যাব-পুলিশ যৌথ অভিযানে কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীর হোসেনের বাড়ি থেকে তার ভাই ইয়ার আলী ডাকাতকে ১ টি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ টা ওয়াকিটকি ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

এ সময় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাদের আরেক সহযোগী উজ্জ্বলকে ৯শ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।

এরপর হতে তার ভাই ডাকাত বাহার আলী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বর্তমান ডাকাত ইয়ার আলী ৭ দিনের রিমান্ডে আছে।

অভিযোগ রযেছে, এ চক্রটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে অন্যান্য বাহিনীর সাথে জড়িত হয়ে ডাকাতি-ছিনতাই-চাঁদবাজি করে থাকে। এদের দলে কয়েকজন নারী সদস্যও রয়েছে যারা হানিট্রাপের মত কাজ করে থাকে।

আটক বাহার আলীকে কালিগঞ্জে নিয়ে আসা হচ্ছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Share.
Exit mobile version