কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা পচা মাংস মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন শ্রীগঞ্জ ব্রিজের পাশে জাকির হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় তার দোকান থেকে পচা মাংস জব্দ করে খোঁজাখালী খালের পাশে মাটি চাপা দেয়া হয়। ঘটনার সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।
