বাংলার ভোর প্রতিবেদক
চৌগাছায় স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কের (ব্যভিচার) অভিযোগে খালাতো ভাই মাসুদ রানা সোহেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক প্রবাসী। বৃহস্পতিবার চৌগাছার হায়াতপুর গ্রামের নান্নু হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামি মাসুদ রানা সোহেল একই উপজেলার আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মুসলিমা খাতুনকে বিয়ে করেন নান্নু হোসেন। তাদের দুই সন্তান রয়েছে। ২০২৪ সালে নান্নু হোসেন স্ত্রী-সন্তানদের চৌগাছার একটি ভাড়া বাসায় রেখে পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে যান। বিদেশে অবস্থানকালে তিনি নিয়মিত সংসার পরিচালনার জন্য স্ত্রীর কাছে অর্থ পাঠাতেন।
বিদেশে থাকাকালে তিনি জানতে পারেন, তার খালাতো ভাই মাসুদ রানা সোহেলের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। পরে তার স্ত্রী দুই সন্তানকে নানাবাড়িতে পাঠিয়ে দেন। এরপর চৌগাছার ভাড়া বাসা ছেড়ে দিয়ে আসামি মাসুদ রানা সোহেলের সঙ্গে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন।
কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরে নান্নু হোসেন প্রথমে চৌগাছার ভাড়া বাসার মালিকের কাছে এবং পরে ঝিকরগাছায় গিয়ে তার স্ত্রীর অবস্থানের সন্ধান পান। এরপর মুসলিমা খাতুন নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তার পিতার বাড়িতে চলে যান।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামি মাসুদ রানা সোহেল ভুক্তভোগীর স্ত্রীর বৈবাহিক পরিচয় জানার পরও তার সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্যভিচারের অপরাধ করেছেন। এ অভিযোগে তিনি আদালতে মামলাটি দায়ের করেন।
