বাংলার ভোর প্রতিবেদক

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা মূল্যের ৫৩৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের মো. তৌফিকুর রহমান (৩৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তৌফিকুর রহমানকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৩৭০ টাকাসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারত স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে।

এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version