চুড়ামনকাটি সংবাদদাতা
অন্যের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক মহুরি ও তার পিতার বিরুদ্ধে। ইতিমধ্যে তারা দখল করে অসহায় ব্যক্তির বসতবাড়ি ভাংচুর করে উচ্ছেদ করে দিয়েছে। নিজেরা শুরু করেছে নতুন নির্মাণ কাজ। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। নিজের জমি উদ্ধারে সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় আব্দুল মান্নান দফাদার ।
জানা যায়, চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মৌজায় ৫৫ খতিয়ানে পৈত্রিক সূত্রে আব্দুল গনি দফাদারের ছেলে আব্দুল মান্নান দফাদার ৭ শতক জমির মালিক। উক্ত জমির উপর তিনি বসতবাড়ির করে দীর্ঘদিন বসবাস করে আসছিলো। কিন্তু হঠাৎ করে তার সেই বসতবাড়ি দখল করে নেয় একই গ্রামের গফফার গং।
অভিযোগ রয়েছে একই গ্রামের গফফার ও তার ছেলে মহুরি গুলজার জোরপূর্বক মান্নানের বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি নির্মাণ শুরু করেন। প্রতিবাদ করলেও তারা কোন কিছু তোয়াক্কা না করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আব্দুল মান্নান দফাদার জানান, জমির সকল কাগজপত্র আমার নামে থাকলেও গফফার গং জোরপূর্বক দখলে নিয়েছে। এমনকি উক্ত জমির উপর গেলে আমাকে খুন জখমের হুমকিও দিচ্ছে।
তিনি আরো জানান, বিষয়টি সকলে জানলেও গুলজার প্রভাশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। গুলজার প্রকাশ্যে হুমকি দিচ্ছে কেউ তার বিরুদ্ধে গেলে তাকে মামলায় ফাঁসানো হবে।
চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, জমিটা জানা মতে, মান্নানের। এ নিয়ে গ্রামে কয়েকবার শালিসির আয়োজন ও করা হয়েছে।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, জমি নিয়ে দই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিনের। সম্প্রতি উত্তেজনা বিরাজ করলে আমরা ঘটনা স্থলে গিয়ে উভয়কে শান্ত করে আইনের আশ্রয় নেয়ার জন্য বলে আসি।

