চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে একটি দোকান। এতে আব্দুর রব বেডিং শপ নামের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকারী আছিব হোসেন (২৭) জানান, হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে দোকানে থাকা জাজিম, লেপ-তোষক, জানালা-দরজার পর্দা, বালিশ, নকশিকাঁথা, ম্যাট্রেস, ফাইবার তুলা, শিমুল তুলা, কাপাস তুলা ও গার্মেন্টস তুলাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায়।
তিনি আরও জানান, এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
