বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার আমবটতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা পাশাপোল কলেজের শিক্ষক (প্রফেসর) এবং উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে মকবুল হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে নিজ গ্রাম সৈয়দপুরের দিকে ফিরছিলেন। পথে চৌগাছা উপজেলার আমবটতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষকের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

