চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে অভিযান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌ-কমান্ডার রুহুল আমীন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ বিশ্বাস,
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, চৌগাছার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এই ইতিবাচক অবস্থা ধরে রাখতে পুলিশি টহল আরও জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
