ঝিকরগাছা সংবাদদাতা
কৃষকদের তথ্যভান্ডার তৈরি ও কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে ঝিকরগাছায় ব্লক নির্ধারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সোমবার সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্যানেল চেয়ারম্যান ও কৃষক প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, সারাদেশে প্রথম ধাপে ৯টি উপজেলার একটি করে ব্লকে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে উপজেলার পানিসারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে রাজাপুর ব্লককে পাইলট প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন বলে সভায় জানানো হয়।

