বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় আবু হুরায়রা মিম (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত রয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল খান প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধারনা করা হচ্ছে বলে জানান।
নিহত মিম ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুরের মশিয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬টার পর যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। মিম তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরে তিনি আর সেখানে যাননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নীলা জানান, বুধবার (২১ মে) রাতে ধান বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছিল। এরপর রাত সাড়ে ৮ টার দিকে স্বামীর কাছে ফোন দিলে তিনি বলেন, আমি আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে আসছি। সকাল বেলায় আমার স্বামীর লাশ পাই বাঁশ বাগানে।
ওসি শাহ জালাল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
