বাংলার ভোর প্রতিবেদক :
সারাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বুধবার দুপুর ২টায় প্রসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, চলমান বন্যা পরিস্থিতির বিবেচনা এইচএসসি ও সমাপনী পরীক্ষা স্থগিত করতে হবে। একই সঙ্গে যেসব বিষয়ে প্রশ্নপত্র ভুল ছিল সেগুলো সংশোধন করে পুনরায় পরীক্ষা নেয়া এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, যশোর শহরের শংকরপুর, প্রেমবাগ, অভয়নগরের সুন্দলীসহ জেলার বেশ কয়েকটি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অনেক শিক্ষার্থী পানিবন্দি থাকায় স্বাভাবিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া হলে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা।
বিক্ষোভ শেষের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রেসক্লাব মোড় থেকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় গিয়ে কর্মসূচি শেষ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
