বাংলার ভোর প্রতিবেদক
যশোর যশোরে সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে (এম এম কলেজ) এই কর্মসূচি পালন করেন অধিকারকর্মী জান্নাতুল ফাতেমা।

অবস্থান কর্মসূচি চলাকালীন এক বিবৃতিতে জান্নাতুল ফাতেমা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। প্রতিদিন আমাদের মা, বোন, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ অন্যের পরিবার আক্রান্ত হচ্ছে, কাল আমাদের নিজেদের পরিবারও হতে পারে। তাই নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থেই এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

তিনি দল-মত নির্বিশেষে যশোরের সর্বস্তরের নাগরিক, শিক্ষার্থী, মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচি থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে, ধর্ষণের প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। অপরাধীদের প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

জান্নাতুল ফাতেমার এই প্রতিবাদী আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন,এনসিপির যুগ্ম সমন্বয়কারি সালমা আক্তার আশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহকারী মুখ্য সংগঠক কানিজ ফাতেমা বিনা, ছাত্রদল নেতা হাসান ইমাম, আইনজীবী ইমরান খান, শিক্ষার্থী সাদিয়া পারভীন অন্তরা, রাহুল, মারুফ হাসান সুর্কন, সুজন, আল মামুন লিখন, মুশফিকুর রহমান, উম্মে সাদিয়া, ফাইয়াজসহ আরও অনেকে।

উপস্থিত আন্দোলনকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হবে এবং প্রতিটি ধর্ষণের ঘটনায় প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version