বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর বিরামপুরে ধর্ষণের শিকার নয় বছরের এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।
দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে সেলের সদস্যরা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সেলের সদস্য ও নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামস ইমরান এবং জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভিন। তারা ভুক্তভোগী শিশুর বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
সেলের সদস্যরা জানান, ভুক্তভোগী যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবেন।
এদিকে শিশুটির বাবা-মা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুরের সাইকেল হাট এলাকায় ওই শিশু তার দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল। এ সময় ড্রাইভার ফিরোজ তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠলেও কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
