বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সর্বোপরি উন্নয়নের প্রতীক হিসেবেও পরিচিত।
রোববার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শ পাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সকল ধর্মের নারী-পুরুষ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
তিনি বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আজ স্পষ্টভাবে উপলব্ধি করেছে—একমাত্র বিএনপির হাতেই দেশ নিরাপদ। সে কারণেই দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তদান ও আত্মত্যাগের বিনিময়ে জনগণ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। নতুন করে কোনো ভোট চোর, ডাকাত কিংবা ছিনতাইকারীর আবির্ভাব ঘটলে তা প্রতিহত করা হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে, নিজের ভোটের অধিকার নিশ্চিত করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ করা হবে না।
বিএনপি প্রার্থী বলেন, বিএনপি ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, যা নির্বাচনের আগে জনগণের সঙ্গে দলের একটি সামাজিক চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেটি হবে রাষ্ট্রীয় চুক্তিতে রূপান্তরিত। জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার নির্বাচিত হলে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে—ইনশা আল্লাহ।
এদিন তিনি নওয়াপাড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন।
