পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে।

তিনি নির্বাচিত হয়ে মঙ্গলবার পাইকগাছায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার প্রথম সভাতে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

তিনি ঘোষণা করেন কোনমতেই আইন হাতে তুলে নেয়া যাবেনা, আইন নিজস্ব গতিতে চলবে। প্রশাসনও তার নিজস্ব গতিতে চলবে। এখানে কারোর হস্তক্ষেপ চলবে না। এমপি আরো বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার মানুষ খুবই শান্তিপ্রিয় ও ধর্মভিরু। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ভয়ভীতির উর্ধে উঠে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমরা রাজনৈতিক দল মতের উর্ধে উঠে সবাই মিলে সহযোগিতা করব এবং এলাকার মানুষকে শান্তিতে রাখতে চাই।

নির্বাচনী এলাকায় উন্নয়নের মডেল রূপ দিতে তিনি সব সমস্যগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উভয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী রুহুল আমিন, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

Share.
Exit mobile version