পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় উপজেলা ওলামাদলের সদস্য সচিব শফিকুল ইসলাম (৪৫)কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা বলছেন, নিজেদের কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার ইফতার শেষে শফিকুল গড়ইখালীর শান্তা পশ্চিমপাড়া মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়। এর পরেই প্রতিপক্ষরা প্রথমে তার বাম পায়ে আঘাত করলে মাটিতে পড়ে যায়। পরে রড় দিয়ে তার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করলে মাথা ফেঁটে জখম হলে জ্ঞান হারায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন শফিকুল ইসলাম জানান, কাজের সাইড থেকে ফিরে ইফতার করে মসজিদে নামাজ পড়ে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াই। হঠাই পিছন থেকে স্থানীয় শাহআলম (৩৯) ও হামিদ সরদার( ৪৫) দু’ভাই আমার পা ও মাথায় রড দিয়ে পিটিয়ে আহত করলে অজ্ঞান হয়ে পড়ি। তিনি অভিযোগ করেন গড়ইখালী বাজার ইজারা কেন্দ্রিক কোন্দলের জেরে ওরা দিনের বেলায় মোবাইল হুমকি দিয়ে সন্ধ্যায় এ ঘটনা ঘটায়।
এদিকে উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, পৌর কমিটির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক ভারঃ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অনেকে হাসপাতালে পৌছে সফিকুল ইসলামের চিকিৎসার সার্বিক খবর নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
