পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছয় সরকারি ভিপি জমির দখল নিয়ে দু’পক্ষের বিরোধের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ উভয়কে থানায় ডেকে পাঠিয়ে শান্তিপূর্ণভাবে যার-যার অবস্থানে থাকতে বলেছেন।
জানা গেছে, দেলুটি ইউনিয়নের রাধানগরের কনিকা মন্ডল (৩৫) ভিপি- কেস নং-৫২/ ৮২-৮৩ হানিমুনকিয়া মৌজার ১৯ খতিয়ানের ৭১২ দাগের ২ বিঘা জমি ইজারা নিয়ে বাড়ি করে পরিবার নিয়ে বাস করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলা ১৩৮৯ হতে ১৪৩২সন পর্যন্ত এক কালীন ২০হাজার ৬৫৮ টাকা সরকারি রাজস্ব নিয়ে দিনমজুর গৃহবধূকে চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি ডিসিআর প্রদান করেন।
এদিকে একই দাগ খতিয়ানের জমি নিজের দাবি করে স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল প্রতিবেশি কনিকা মন্ডলের বিরুদ্ধে জমি দখল চেষ্টার কথা বলে থানায় অভিযোগ করলে দু’পক্ষই বিরোধে জড়িয়ে পড়েন।
দখল চেষ্টা অস্বীকার করে গৃহবধূ কনিকা মন্ডল জানান, আমি কারোর জায়গা দখল করিনি, আর করবো না। বরঞ্চ আমি সরকারি রাজস্ব দিয়ে ৬৬ শতক জমির ডিসিআর কাটলেও মূলত জমি আছে এক বিঘার সামান্য বেশি।
তিনি পাল্টা অভিযোগ করেন স্কুল শিক্ষক বিকাশ মন্ডল পুর্ব থেকে ঘেরাবেড়া ও বাড়ি করে তার জায়গায় বসবাস করছেন। কিন্তু আমার পরিবারকে অবৈধভাবে উচ্ছেদ করতে এ শিক্ষকসহ ক’ব্যক্তি উঠে পড়ে লেগেছে।
এ বিষয়ে থানার এসআই মনিরুল ইসলাম বলেন, সমাধানের জন্য শনিবার ডাকা হলেও এক পক্ষ আগে ও অন্যপক্ষ পরে এসে ডিসিআর সো করে। সে জন্য সরেজমিনে গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি সমাধান চেষ্টার কথা বলেন পুলিশের এ কর্মকর্তা।
