স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা
পাইকগাছায় আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিরাপদ সবজি (শসা) চাষে সফল হয়েছেন গড়ইখালীর মডেল কৃষক মলয় মন্ডল।
চলতি রবি মৌসুমে সুন্দরবন ঘেষা উপজেলার গড়ইখালী’র হোগলারচকে এক একর জমিতে শসা চাষ করে এ সফলতা পেয়েছেন তিনি।
জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে প্রথম বারের মত তিনি পার্টনার প্রকল্পের আওতায় এক্সপোর্ট উপযোগী ফসল জনতা জাতের (শসা) উৎপাদন করে সকলের দৃষ্টি কেড়েছেন।
এ বিষয়ে মডেল কৃষক মলয় এ প্রতিনিধিকে জানান, রাসায়নিক সার ও কীটনাশক ব্যতিরেকে অর্গানিক সার ও কীটনাশক ব্যবহার করে নিরাপদ সবজি (শসা) উৎপাদন করে যথেষ্ট সফলতা পেয়েছি। এতে অন্য কৃষকদেরও মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে।
এদিকে বুধবার সকালে মলয় মন্ডলের নিরাপদ সবজি (শসা) চাষ প্রদর্শনী খামার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রকল্প সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা সোহাগ হোসেনসহ অনেক।
