পাইকগাছা সংবাদদাতা
অবশেষে খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মা ভারতী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ হত্যা মামলাটি করেন নিহতের ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল। যার নং-১২।
৩৯৬ ধারায় দায়ের করা এ হত্যা মামলার আসামিরা সবাই অজ্ঞাতনামা।
এদিকে ৫ দিন অতিবাহিত হলেও নির্মম হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, এ পর্যন্ত ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ দ্রুত সময়ে হত্যা মামলার রহস্য উন্মোচনের আশাবাদ ব্যক্ত করে নিহত নারীর মোবাইলে কথোপকথনের সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
নিহতের ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল জানান, ঘটনার রাতে ১১টায় মোবাইলে মার সাথে আমার শেষ কথা হয়।
সর্বশেষ রাত ১ টার দিকে শরীরের খোজ নিতে পুনরায় মোবাইল করি কিন্তু রিং হলেও মা আর ফোন রিসিভ করেনি। পরের দিন রোববার সকালে বাড়ির লোকের কাছে জানতে পারি মার মৃতদেহ পুকুরে ফেলানো অবস্থায়।
তবে, অনেকে বলছেন, যেহেতু পাকা বাড়ির ঘরের দরজা বা তালা ভাংচুরের কোন চিহ্ন নেই। তাই সন্দেহ করা হচ্ছে টাকা ও দামি স্বর্ণের গহনা লুটপাট করতে ওই রাতে দুর্বৃত্তরা কৌশলে কোন পরিচিত ব্যক্তিকে দিয়ে হয়তো ভারতী মন্ডল ঘরের দরজা খোলেন।
এর পর তাকে হত্যা করে সবকিছু তছনছ করে ঘরে রক্ষিত টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ১৪ মার্চ শনিবার রাতে উপজেলার লতা’র পুতলাখালীতে ভারতী মন্ডলকে নির্মম ভাবে হত্যা করে লাশ চিংড়ি ঘেরে ফেলে যায় দুর্বৃত্তরা।

