বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। এবং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের ওপর হামলা চালান। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

 

Share.
Exit mobile version