বাংলার ভোর প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ঘরের গণ্ডি পেরিয়ে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে তিনি কর্মসংস্থানে যুক্ত করেন। পরে বেগম খালেদা জিয়াও জনগণের ভোটে নির্বাচিত হয়ে নারীদের জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করেন।

রোববার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় ৪ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘ফ্যামেলি কার্ড’ চালু করবে। তারেক রহমান ঘোষিত এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের খরচ নির্বাহে আর্থিক সহায়তা পাবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের নারীরা সবচেয়ে বেশি অনিরাপদ অবস্থায় ছিলেন। আওয়ামী লীগের সন্ত্রাসী ও গুণ্ডাদের দৌরাত্ম্যে নারীরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়েছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপি নেতা আলী হোসেন মদন এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।

সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী নাজমা আক্তার। সমাবেশটি সঞ্চালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

Share.
Exit mobile version