জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়। দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের অন্যতম কারণ। পাশাপাশি তামাক চাষের ফলে পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়।
বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।
