বাংলার ভোর প্রতিবেদক
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে টানা তিনদিনের নাট্য উৎসব শেষ হয়েছে। রোববার রাতে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বাউল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এর আগে এ মঞ্চে ব্যঞ্জন থিয়েটারের এবং সাবধান, স্বপ্নচারী নাট্য নিকেতনের জীবন, অভয়নগর নওয়াপাড়া ইনস্টিটিউটের মানুষ, থিয়েটার ক্যানভাস যশোরের বৈতংসিক এবং শিল্পাঙ্গন যশোরের ধাঁধার পালাসহ পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। নাটক শেষে প্রতিটি নাটক দলকে সম্মাননা প্রদান করে বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ, যশোর নেতৃবৃন্দ।
বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদের আহবায়ক নওরোজ আলম খান চপল বলেন, ‘সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার’ ছিল এবারের নাট্য দিবসের প্রতিপাদ্য। বিশ্বের সকল নাট্য কর্মীদের মধ্যে সৌহার্দ্য- সম্প্রীতি, উদ্দীপনা সৃষ্টি এবং নাট্যচর্চার উন্নয়ন বিশ্ব নাট্য দিবসের লক্ষ্য।
নাট্য ব্যক্তিত্ব এসএম নুরুজ্জামান বকুল বলেন, নাটক কেবলমাত্র বিনোদন নয়। এটি অন্যায়, শোষণ, অবিচার, অসংগতির বিরুদ্ধে প্রতিবাদের শৈল্পিক অস্ত্র। একই সঙ্গে সুকর্মের অনুপ্রেরণা। গত তিনদিনে ১৩টি নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করেছি।
নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, নাট্য ব্যক্তিত্ব মহিউদ্দিন লালু, নাট্য গবেষণা কেন্দ্রের পরিচালক শিপন চৌধুরী, বিবর্তনের সানোয়ার আলম খান দুলু, অগ্নিবীণার সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, নাট্য নির্দেশক আলমগীর হোসেন বাবু, আবুল হাসান তুহিন, মজিদ বাউল, পরিতোষ বাউল, বিকাশ শীল বাউলসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ মজুমদার।
Share.
Exit mobile version