শার্শা সংবাদদাতা :
যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু সংবাদ সংগ্রহের কাজে বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি আটকে চেষ্টা চলছে।

Share.
Exit mobile version