বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের পরিচিত ব্যবসায়ী ও ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া এলাকায় মার্কেটের দোকান ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী আনিছুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন আনিছুর রহমান নিজ বাড়ির সামনে অবস্থানকালে আসামিরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানায়। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর পুলিশ ও ডিবির একাধিক টিম তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় শাহ মাহমুদ যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাড়িতে আত্মগোপনে রয়েছে। পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্তও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

Share.
Exit mobile version