বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা টার দিকে নওয়াপাড়া ভৈরব  দের বল গেট এলাকার বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিনের সঙ্গে তার মরদেহ ভেসে থাকতে দেখে শ্রমিকরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি শনাক্ত করা হয়। এরপর ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জ জেলার রবিউল ইসলামের স্ত্রী। তিনি দুই দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

খুলনা ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর থেকে ফায়ার সার্ভিস খুলনা ডুবুরির দলের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা অভিযানের পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে ছোট ভাই মেহেদী হাসানের সঙ্গে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের কর্মী এবং খুলনা থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।

নওয়াপাড়া নৌপুলিশের অফিসার ইনর্চাজ রনজিত কুমার জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলের একশ গজ দূরে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার বর্ণার মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share.
Exit mobile version