মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বিএনপি কার্যালয় পুড়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর থানা শাখার ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়।
পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও ওই ঘটনার জের ধরে কার্যালয়ে আগুন দেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
