মাগুরা সংবাদদাতা
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শামীম কবির।
এতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৯৪১টি কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ৬৭৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে প্রায় দুই হাজার মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
সভায় জানানো হয়, মাগুরা সদর উপজেলায় ৩১২টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫৩৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার শিশুসহ মোট ৩৮ হাজার ৫৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ৬৬৩ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ৩৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এছাড়া মহম্মদপুর, শালিখা, শ্রীপুর ও পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থায়ী ও আউটরিচ কেন্দ্র মিলিয়ে মোট ৯৪১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৩৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৩০৬ জন শিশুসহ মোট ১ লাখ ২৯ হাজার ৬৭৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রমে ১ হাজার ৯৯৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
