মাগুরা সংবাদদাতা

মাগুরার মহম্মদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“আমরা দালাল নই, আমরা প্রথম শ্রেণীর গ্রাজুয়েট” এবং “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচিস্থল। পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এতে অংশ নেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম শরীফ, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম ও রঞ্জু মৃধা।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময় তারা নানা হয়রানি ও অপমানের শিকার হচ্ছেন। তাই দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ৮ ঘণ্টার অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম ভাতা প্রদান, চাকরির বয়স অনুযায়ী গ্র্যাচুইটি বৃদ্ধি, টিএ ও ডিএ বিল বাজারমূল্যের সঙ্গে সমন্বয়, মোট বেতনের ৬০ শতাংশ বেসিক নির্ধারণ, মোটরসাইকেল ও মোবাইল বাবদ অর্থ কর্তন বন্ধ এবং চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ প্রদান।

এ সময় ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” আখ্যা দেয়ার প্রতিবাদও জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

Share.
Exit mobile version