জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বাক্স উদ্বোধন
মাগুরা সংবাদদাতা
মাগুরায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ বাক্স উদ্বোধন করেন মন্ত্রী-এমপি।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তালায় অভিযোগ বাক্স উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়। মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানা গেছে।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও অনিয়ম দেখতে পান সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে।
