মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
বাজেটের সারসংক্ষেপে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন খাত থেকে মোট আয়ের প্রাক্কলন ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সা।
একই পরিমাণ অর্থ বিভিন্ন খাতে ব্যয়ের প্রাক্কলনও নির্ধারণ করা হয়েছে, ফলে বাজেটটি একটি ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে উপস্থাপিত হয়েছে।
সভায় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের মাধ্যমে মাগুরা জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ##
