বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৮০০ গ্রাম গাঁজা, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রাব্বী শেখ ওরফে বাপ্পী (৩৬)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর সকাল ৯টার দিকে একই এলাকার তপন কুমার হালদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরে বেলা ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম (৪৯) নামে এক নারীকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সবশেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আব্দুল গফুর সরদার (৬৮)কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
