বাংলার ভোর প্রতিবেদক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ বাইকার এসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন বাইকিং কমিউনিটির প্রায় ৫০ থেকে ৬০ জন বাইকার অংশ নেন। মানববন্ধনে নেতৃত্ব দেন যশোর বাইকিং কমিউনিটির এডমিন ও সংগঠনের সভাপতি এসকে সুজন।
পরে বাইকাররা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর বাইকিং কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন ইয়ামন পিয়াল, যশোর ফায়ার রাইডার্সের এডমিন রাব্বি, যশোর স্কোয়াড রাইডার্সের এডমিন কাজী রাকিব, ডেঞ্জারাস বাইক রাইডার্সের এডমিন পিএইচ রকি, সিটি রাইডার্সের এডমিন শহিদুল, ফ্রিডম বাইক রাইডার্সের এডমিন সাগর ও যশোর দেশি বাইকারের কো-অর্ডিনেটর ইমরানসহ অন্যান্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে যে অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে তা দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে।
বক্তারা বলেন, বর্তমানে মোটরসাইকেল শুধু শখের বাহন নয়, বরং অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ার চালক ও বিভিন্ন পেশাজীবীর দৈনন্দিন যাতায়াত এবং জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম।
নারী মোটরসাইকেল ব্যবহারকারীদের নিরাপদ ও স্বাধীন চলাচলেও এর ভূমিকা রয়েছে। এ অবস্থায় অতিরিক্ত কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, বৈধভাবে মোটরসাইকেল ক্রয়, রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধের পর নতুন করে অগ্রিম আয়কর আরোপ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।
