বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমান (৪৫) হত্যার ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আলী ঢাকার মিরপুর ১৪ ইব্রাহিম এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের একটি টিম। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬-এর অধিনায়ক এটিএম ফজলে রাব্বি প্রিন্স।

র‌্যাব-৬-এর অধিনায়ক এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গত রোববার বিকেলে বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশে একটি খালের থেকে বিএনপি কর্মী আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে নিহতের ভাই রাশেদ আলী ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন।

তিনি জানান, মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, প্রধান আসামি মোহাম্মদ আলী ঢাকার মিরপুর এলাকায় অবস্থান করছেন। এরপর র‌্যাব-৬ ও ঢাকার র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী দাবি করেছেন, ঘেরের মাছ চুরির বিষয়টি আতিয়ার রহমান দেখে ফেলায় এ ঘটনা ঘটে।

এদিকে মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
আটকরা হলেন, চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৮) ও কবির হোসেন (২৫) এবং চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের সুজা উদ্দিন (৫৭)। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত রোববার বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশের খাল থেকে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের তথ্য অনুযায়ী, তিনি শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

Share.
Exit mobile version