বাংলার ভোর প্রতিবেদক
যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি ছিলেন বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা। তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থেকে দীর্ঘ সময় যশোরের মুসলিম একাডেমি স্কুলে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধের সময় মাস্টার নূর জালাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে কারাভোগ করেন। জীবনের শেষ কয়েক মাস তিনি অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির সঙ্গে গ্রামে সংগঠন গড়ে তুলেছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হন। এছাড়া তিনি ন্যাপ (মোজাফ্ফর) এর যশোর জেলা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

যশোর শহরের নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে বিভিন্ন সফল আন্দোলন পরিচালনা করেন। বিমানবন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই।

মঙ্গলবার জোহরের নামাজের পর যশোর শহরের পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version