শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন হোসেন (১৬)ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টায় বেনাপোল থেকে পুটখালীর দিকে যাওয়ার পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Exit mobile version