বাংলার ভোর প্রতিবেদক
শোরে স্বেচ্ছাসেবী সংগঠন আল মামুন ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোর শহরের বিরামপুরস্থ জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ডা. তানভীর হায়দার তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে ডা. তানভীর হায়দার তমাল বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আমাদের সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আল মামুন শাওন, হাসিবুর রহমান শামিম, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার ও সাইদুজ্জামান শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার সামগ্রী হাতে পেয়ে বিরামপুর এলাকার সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

