বাংলার ভোর প্রতিবেদক
‘প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ।
রোববার দুপুরে যশোরে উদীচী প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ-১৪৩৩ এর সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর পৌরউদ্যানে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব।
তবে বিশেষত্ব হিসেবে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে এবারের আয়োজন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ৩১ চৈত্র বিকেলে বর্ষবিদায় অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে পহেলা বৈশাখে প্রভাতী ও বৈকালিক দুই পর্বে চলবে মূল আয়োজন।
প্রভাতী অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টা ৩১ মিনিটে, যা চলবে সকাল ১১টা পর্যন্ত। এরপর বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বৈকালিক পর্ব। আয়োজকরা জানান, প্রায় তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী দিনব্যাপি এ আয়োজনে অংশ নেবেন।
উদীচীর বর্ষবরণ আয়োজনের ঐতিহ্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৩ সালে যশোরে প্রথম বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে উদীচী। ধীরে ধীরে এটি যশোরবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে ভোরের আলো ফুটতেই পৌরউদ্যান রূপ নেয় এক বর্ণিল মিলনমেলায়।
এবারের আয়োজনের শুরুতেই আহির ভৈরবী রাগে বৈশাখকে আহ্বান জানানো হবে। এরপর পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ, এসো এসো’। পাশাপাশি পাঁচ গীতিকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদের গান পরিবেশিত হবে।
এছাড়া, শিশুতোষ নাটক ‘ডাকঘর’, লোকসংগীত, জীবনমুখী গান, নৃত্য, গণসংগীত এবং পল্লিকবি জসীম উদ্দীনের গল্প অবলম্বনে নৃত্যনাট্য ‘বেদের মেয়ে’ ও যাত্রাপালা ‘শাহজাহান’ মঞ্চস্থ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবারের আমন্ত্রণপত্রে আগুনে পোড়া ক্যানভাসের প্রতীকী ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক মাঠের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
উদীচীর পক্ষ থেকে জানানো হয়, ১৪১৮ সাল থেকে প্রতিবছর একজন কর্মীকে ‘ডা. রবিউল নববর্ষ পদক’ প্রদান করা হচ্ছে। এবার এ পদকের জন্য মনোনীত হয়েছেন সংগঠনের সহ-সভাপতি শেখ মাসুদ পারভেজ মিঠু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু, সহ-সাধারণ সম্পাদক আলমগীর করিম আলম এবং মুন্সি রহিস উদ্দীন সংগীত একাডেমির সম্পাদক রাজিব উদ্দীন খান।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় এ আয়োজন দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং অসাম্প্রদায়িক, সংস্কৃতিমুখী বাংলাদেশ গঠনে উদীচীর আন্দোলন আরও বেগবান হবে।
