বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

তিনি বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের তদারকি থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বা অসাধু উপায় অবলম্বনের চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও নির্দেশনা দেন, পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রবেশপথেই সতর্কতা জোরদার করতে হবে। যেকোনো মূল্যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন প্রমুখ।

এ সময় জেলার সকল কেন্দ্র সচিব সভায় অংশ নেন এবং অনলাইনের মাধ্যমে আট উপজেলার নির্বাহী কর্মকর্তারাও এ সভায় যুক্ত ছিলেন।

Share.
Exit mobile version