বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের আরএন রোডের জনপ্রিয় খাবার হোটেল ‘ক্যাফে নূর’-এ অভিযান চালিয়ে পচা মাংস ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হোটেলটি থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে নেয়ার পর তা খেয়ে বেশ কয়েকজন গ্রাহক অসুস্থ হয়ে পড়েন।
পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে বুধবার সকালে হোটেলটিতে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, হোটেলের ফ্রিজে দুর্গন্ধযুক্ত বাসি মাংস ও পচা খাবার সংরক্ষণ করা হয়েছে। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। বিরিয়ানি তৈরির উপকরণে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য উল্লেখ ছিল না। এছাড়া রান্নাঘরে তেলাপোকার উপদ্রব এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তার অধিকার লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলটির মালিক মুকুল হোসেন বকুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

