বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইব্রাহিম হোসন (৩২) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে নজরদারি চালিয়ে আসছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৯৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যা একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহৃত ওষুধ হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ওষুধ হলেও এর অপব্যবহার মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। উদ্ধারকৃত এসব ট্যাবলেট অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়।
