বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।

আটক জিয়াউর রহমান (৪০) বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করছিলেন।

শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম এসআই (নিরস্ত্র) সালাউদ্দিন খানের নেতৃত্বে নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে শোবার ঘর থেকে আরও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তল্লাশির সময় ঘরের জুতার র‌্যাক থেকে ১৬ লাখ এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকাসহ মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। যা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নতুন মামলা করা হয়েছে।

Share.
Exit mobile version