বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দর এলাকায় দোকান ঘর ভাড়া না দেয়ায় বিশিষ্ট এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আনিসুর রহমান (৫৫) নামে এই ব্যবসায়ী নৌবন্দরের জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ও আমদানিকারক হিসেবে সুপরিচিত ছিলেন।

বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনিসুর রহমানের নওয়াপাড়া বাজারে আনিস প্লাজা নামে একটি বহুতল বিপনী বিতান রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ সেখানে একটি দোকান ঘর ভাড়া নিতে চান। কিন্তু আনিসুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি হননি।

এর জের ধরে শাহ মাহামুদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিসুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া বাড়িতে তার লাশ আনা হয়।

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে নিহত ব্যবসায়ী আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version