বাংলার ভোর প্রতিবেদক :

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। এছাড়া সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেল হোসেন চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক ৩টার দিকে রুবেল পশ্চিম মাঠ থেকে বাড়ি ফিরছিল। একই সময় কৃষক আব্দুর রশিদ তার গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুবেল হোসেনের মৃত্যু হয়। অপরদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে মাঠের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে মাঠ থেকে ফেরার পথে এক পাওয়ার ট্রিলার চালক তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত আব্দুর রশিদের ভাই হাবিবুর রহমান জানান, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়েছে। তার বড় ভাই আব্দুর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, একই দিনে চুড়মনকাটি ইউনিয়নের দৌগাছিয়া গ্রামে ফরিদ উদ্দিনের একটি গরু বজ্রপাতে মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে নিহত রুবেলের বাড়ির পরিবেশ।

Share.
Exit mobile version