বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সামাজিক সংগঠন “বাঁচতে শেখা”র উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সংগঠনটির হলরুমে এক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী ড. অ্যাঞ্জেলা গমেস। তিনি বলেন, “ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি একটি জেনেটিক বৈশিষ্ট্য। তাদের প্রতি সহানুভূতি নয়, বরং সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
এ সময় প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব কিসকু বলেন, “সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ডাউন সিনড্রোম শিশুদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়া সচেতনতামূলক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
