বাংলার ভোর প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৪৫টি শাড়ি, ১টি থ্রি-পিস, ১টি কম্বল, ১৯০টি চকলেট এবং ২৮৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

