বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে শনিবার ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে উপজেলার মোট ৮টি তেলের পাম্প পরিদর্শন করা হয়। প্রতিটি পাম্পে তেলের মজুদ, কাগজপত্র এবং সরবরাহ কার্যক্রম খতিয়ে দেখা হয়।

অভিযানের সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মণিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এসব পাম্পে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও ভবিষ্যতে কোনো অনিয়ম না ঘটে সে কারণে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না। ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version